Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

Tuesday, June 19, 2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা। নতুন মুখ আবু জায়েদ ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা। নতুন মুখ আবু জায়েদ ।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আজ বিসিবি  দল ঘোষণা করেছে  । ১৫ জনের দলে চমক বলতে আবু জায়েদ। ২৪ বছর বয়সী পেসার এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট দলে।

তবে দলে ফিরিয়ে আনা হয়েছে দেড় বছর আগে হটাৎ সুযোগ পেয়ে একমাত্র টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত । অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে প্রথম খবরের শিরোনাম হওয়া  এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ,যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। হাই পারফরম্যান্স ও 'এ' দলে আলো ছড়িয়ে ,বয়সভিত্তিক পর্যায় থেকে সব ধাপ পার হয়ে, পারফর্ম করে, মোটামুটি প্রস্তুত হয়ে তিনি এলেন টেস্ট দলে।

তাকে নিয়ে টেস্ট ক্রিকেটেই বেশি আশা বাংলাদেশের। ধ্রুপদি একজন টেস্ট ব্যাটসম্যান পাওয়ার স্বপ্ন পূরণের অন্যতম বাজি তিনি।



এছাড়াও টেস্ট দলে ফেরানো হয়েছে কামরুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন,ও নুরুল হাসান'কে।

টেস্ট দলে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন।

দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
আগামী ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।




Saturday, June 2, 2018

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান টি২০ ক্রিকেট যুদ্ধ !

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান টি২০ ক্রিকেট যুদ্ধ !



বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের টি২০ ফরম্যাটে নিজেদের খুঁজে পেয়েছে  এবং নিদাহস ট্রফির অসাধারণ পারফরম্যান্স দলকে দিচ্ছে আত্মবিশ্বাস



 

অন্য দিকে সদ্য টেস্ট স্টেটাস পাওয়া আফগানিস্তান টি২০ তে অনেক ভালো দল এই মুহূর্তে তারা রাঙ্কিং বাংলাদেশ থেকে ধাপ উপরে

 

সদ্য সমাপ্ত আইপিএল দারুন পারফরম্যান্স করা বর্তমান সময় এর টি২০ রাঙ্কিং- সেরা বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় লেগ স্পিনার রশিদ খান পার্থক্য করে দিতে পারে ম্যাচ এর



 

তবে দুদলের মধ্যে একমাত্র টি২০ সাক্ষাতে বিশ্ব কাপ ম্যাচে একপ্রকার হেসে খেলে আফগানিস্তান কে হারিয়ে ছিল বাংলাদেশ

এইবার এগিয়ে যাবার পালা শুভ কামনা বাংলাদেশ দলের জন্য

 

 

ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩,৫ ও ৭ ই জুন এবং সিরিজ এর সব কটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা ! তিনটি ম্যাচ- অনুষ্ঠিত হবে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে  

 

 

 

 


Wednesday, May 30, 2018

নির্বাচনে আসা নিয়ে মুস্তফা কামালের কথার জবাবে যা বলেলেন মাশরাফি

নির্বাচনে আসা নিয়ে মুস্তফা কামালের কথার জবাবে যা বলেলেন মাশরাফি



জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন- মঙ্গলবার (২৯ মে) দুপুরে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন ঘোষণা দেন। তবে কোন দল থেকে তারা নির্বাচন করবেন তা বলেননি মন্ত্রী।
তার এমন ঘোষণায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমকর্মীরা মাশরাফি ও সাকিবের সাথে যোগাযোগ করতে বহুবার চেষ্টা করেন। সাকিবকের সাথে যোগাযোগ করতে না পারলেও শেষপর্যন্ত মাশরাফির বক্তব্য পাওয়া যায়।
দেশের জনপ্রিয় এক অনলাইনের সাথে কথা বলেন মাশরাফি।
তিনি বলেন, ‘আসলে কামাল ভাই (আ হ মুস্তফা কামাল) যা বলেছেন, সেটা তার কথা। আমি সে সম্পর্কে কিছুই জানি না।’
আওয়ামী লীগ তথা নৌকা প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচন করবেন কি? এমন প্রশ্নের জবাবে মাশরাফির বলেন , ‘এ নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ আমাকে কিছু বলতে অনুরোধ করবেন না। এ নিয়ে আমি কিছু বলতে পারবো না।’
নড়াইলে সাড়া ফেলল ‘মাশরাফির নির্বাচন’

নড়াইলে সাড়া ফেলল ‘মাশরাফির নির্বাচন’





ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের পর তা এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

মঙ্গলবার ঢাকায় এক সভায় পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মোস্তফা কামাল মাশরাফির জন্য ভোট চান। মাশরাফি নির্বাচনে দাঁড়ালে তাকে জিতিয়ে আনার আহ্বান জানান সবার প্রতি।

খবরটি গণমাধ্যমে প্রচারের পর নড়াইলসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

নড়াইল সদর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শহিদুল হক মোল্যা অভিনন্দন জানিয়ে বলেছেন, "মাশরাফি মনোনয়ন পেলে তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।"

নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল সম্মিলতি সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু বলেন, "মাশরাফি একজন সৃজনশীল ও ভালো মানুষ। তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের উপকার করে থাকেন, যা অনেকেই জানে না। তিনি যদি মনোনয়ন পান তাহলে আশা করি জেলার সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।"

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, "মাশরাফি নড়াইলের গর্বিত সন্তান। আওয়ামী লীগ যদি তাকে মনোনয়ন দেয় তাহলে জান প্রাণ দিয়ে কাজ করব এবং জয় ছিনিয়ে আনব।"

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, "নড়াইলের দুটি আসনের যে কোনো একটি থেকে আমি মনোনয়ন পাব বলে আশাবাদী। মাশরাফির মনোনয়নের ব্যাপারে বলেন, এটা দলীয় সিদ্ধান্ত।"

এ ব্যপারে জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে মনোনয়ন দেন, তাহলে মাশরাফির না বলার সুযোগ নেই।"

এ ব্যাপারে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে মাশরাফির নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামে সম্পূর্ণ সেচ্ছসেবী সংগঠন যাত্রা শুরু করে।


Tuesday, May 29, 2018

আইপিএলের চোট আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিল মোস্তাফিজকে

আইপিএলের চোট আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিল মোস্তাফিজকে




আইপিএলের ম্যাচে চোট পেয়েছিলেন। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ।

আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। কোচ কোর্টনি ওয়ালশ তাঁকে বিশ্রাম দিয়েছিলেন দুদিনের। কিন্তু একদিনের মাথাতেই জানা গেল বুড়ো আঙুলের সেই চোট মোস্তাফিজকে খেলতে দেবে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।' আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতের দেরাদুনের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পন্তের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং অবশ্য করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।

Wednesday, May 23, 2018

কোচ সালাউদ্দিনের সঙ্গে আলোচনা কারস্টেনের

কোচ সালাউদ্দিনের সঙ্গে আলোচনা কারস্টেনের



বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছে জাতীয় দলের প্রধান কোচ। চন্ডিকা হাথুরুসিংহে পরবর্তী সময়ে কাউকেই এখনও কোচ হিসেবে পায়নি সাকিব আল হাসানরা। কোচ খুঁজে দিতে বিসিবিকে সাহায্য করবেন বলে তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন গ্যারি কারস্টেন। সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কারস্টেন দেখা করেছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে।  
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও জাতীয় দলের আরও বেশ কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে শুরু থেকেই ছিলেন এই সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানস নড়বড়ে দল নিয়েও ২০১৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা ঘরের তুলেছিল এই সালাউদ্দিনের কোচিংয়েই।
গ্যারি কারস্টেন নিজেই সালাউদ্দিনকে জানান যে তিনি দেখা করতে চান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দারুণ জনপ্রিয় এই কোচও কারস্টেনের ডাকে সাড়া দেন। উভয়ের কথাবার্তা হল হোটেল সোনারগাঁওয়ে।
প্রায় মিনিট ত্রিশেকের সাক্ষাৎকার পর্ব শেষ করে সাংবাদিকদের সালাউদ্দিন জানিয়েছেন, 'তাঁর সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে। তিনি আমার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট, আমাদের ক্রিকেটার ও আমার সম্পর্কে জানতে চেয়েছেন।'    

Tuesday, May 22, 2018

ঢাকায় কারস্টেন, তবে চাচ্ছেন অন্য দায়িত্ব

ঢাকায় কারস্টেন, তবে চাচ্ছেন অন্য দায়িত্ব



চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্যারি কারস্টেন ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ। তবে শেষ পর্যন্ত বিরাট কোহলির দল আর যেতে পারেনি টুর্নামেন্টের শেষ চারে। গতকাল রোববার রাতেই তাই ঢাকায় পা রাখেন এই প্রোটিয়া সাবেক। প্রধান কোচ আর অন্যান্য কোচিং স্টাফ নিয়োগ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতেই তিনদিনের বাংলাদেশ সফরে এসেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যে কারস্টেনের একটা সম্পর্ক হতে চলেছে সে গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। কোচ হিসেবে না হলেও বিসিবি চেয়েছিল সব কোচদের প্রধান হিসেবে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানকে নিয়োগ দিতে। এবার কারস্টেন জানালেন এই পদেও থাকতে পারছেন না তিনি।
কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহীর কর্মকর্তা নিজামউদ্দিন চোধুরীর সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করেছিলেন কারস্টেন। সেখানে বিসিবি কোচদের প্রধান হওয়ার প্রস্তাবে রাজিও ছিলেন সাবেক এই ভারতীয় কোচ। কিন্তু এবার জানালেন সে দায়িত্ব নেওয়ার মতো পর্যাপ্ত সময় তাঁর নেই। তাই আপাতত বাংলাদেশকে প্রধান কোচ খুঁজে দিতেই সহায়তা করবেন তিনি।
আজ সোমবার সকালে কারস্টেন অবশ্য দেখা করেছেন দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের সঙ্গে সেরে নিয়েছেন আলাপ। আইপিএলের লড়াইয়ে ব্যস্ত দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে কারস্টেন ভারতেই দেখা করেছেন সাকিবের সঙ্গে।

মুস্তাফিজের হতাশার আইপিএল

মুস্তাফিজের হতাশার আইপিএল



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান দুই বছর কাটিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। প্রথম মৌসুমে হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। অবশ্য দ্বিতীয় মৌসুমে ইনজুরির কারণে দলে তেমন কোনো অবদান রাখতে পারেননি বাংলাদেশের তরুণ এই তারকা। এবার দলবদলে হায়দরাবাদ থেকে মুম্বাই ইন্ডিয়ানসে নাম লেখান এই বাঁহাতি পেসার। দল তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা করলেও তাঁদের আশার ঝুলিকে স্ফীত করতে পারেননি এই মুস্তাফিজ। শেষ পর্যন্ত প্লে-অফে না খেলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয় মুম্বাই ইন্ডিয়ানসকে।
গত জানুয়ারিতে আইপিএলের নিলামে মুস্তাফিজকে দুই কোটি ২০ লাখ রুপিতে নিজেদের দলে টেনে বেশ উচ্ছ্বসিতই ছিল মুম্বাই। তাদের উচ্ছ্বাসের প্রমাণ পাওয়া যায় ফেসবুক পেজ ও টুইটারে মুস্তাফিজকে নিয়ে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে। এমনকি মুস্তাফিজের ভাষাগত সমস্যা দূর করতে বাংলাদেশের সাবেক ওপেনার নাফিজ ইকবালকেও দেশ থেকে উড়িয়ে নিয়ে যায় দোভাষী হিসেবে। কিন্তু মুস্তাফিজ আশার আলো দেখালেও শেষ পর্যন্ত বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি দলকে। এবারের আইপিএল তাঁর পারফরম্যান্স ছিল ভালো-মন্দে মেশানো।
দলের নিয়মিত সদস্য হিসেবে টানা ছয় ম্যাচ খেলেছেন মূল একাদশে। ১৯তম ওভারের মতো ডেথ ওভারে দল তাঁর ওপর ভরসাও রেখেছিল। কিন্তু দলের একের পর এক পরাজয়ে একাদশ থেকে ছিটকে পড়েন এই ২২ বছর বয়সী তারকা। তাঁকে বাদ দিয়ে দল পরিকল্পনা সাজিয়ে সাফল্যও পায়। কিন্তু শেষ রক্ষা হলো না। ১৪ ম্যাচে ছয় জয় ও আট ম্যাচে পরাজয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থেকে আসর থেকে বিদায় নেয় দলটি। যার ফলে প্লে-অফ থেকে ছিটকে পড়েছে দলটি।
অবশ্য এবারের আসরে মুস্তাফিজের সেরা সাফল্য তাঁর সাবেক দলের বিপক্ষেই। হায়দরাবাদের বিপক্ষে ২৪ রান খরচায় তিনটি মূল্যবান উইকেট পান এই বাঁহাতি। এ ছাড়া নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি এই তারকা। সাত ম্যাচ খেলে ঝুলিতে যোগ করেছেন সাতটি উইকেট। দীর্ঘদিন একাদশের বাইরে থেকে আবার মাঠে নামলেও দেখা পাননি কোনো উইকেটের। পাশাপাশি দলের ব্যর্থতা তো আছেই। তাই একরাশ হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে এই বাংলাদেশি পেসারকে।

Sunday, May 20, 2018

আফগান সিরিজের দলে ফিরলেন মোসাদ্দেক

আফগান সিরিজের দলে ফিরলেন মোসাদ্দেক



গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ দলে দেখা যাবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশের এই ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও দলে নাম আছে ওপেনার সৌম্য সরকারের। তাঁর প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'আমাদেরও সৌম্যকে নিয়ে কিছু সংশয় ছিল। কিন্তু অধিনায়ক ও কোচের পরামর্শে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়েছে।'
আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এটিই হবে দুই দেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ।
১৫ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন ও আবু জায়েদ।


সাব্বির এগিয়ে রাখলেন ‘অভিজ্ঞ’ বাংলাদেশকেই

সাব্বির এগিয়ে রাখলেন ‘অভিজ্ঞ’ বাংলাদেশকেই



চলতি বছরের শুরুটাই সাব্বির রহমানের জন্য ছিল ভয়াবহ। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত ছিল না ব্যাটে রান। শেষ বলে হেরে যাওয়া সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাব্বির অবশ্য দেখা পেয়েছিলেন বড় ইনিংসের। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ঐ ইনিংস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বছরের একদম শুরুর দিনেই দর্শক পেটানোর দায়ে সাব্বিরকে হজম করতে হয়েছিল জরিমানাসহ ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা। সেই সময়টা কাটিয়ে উঠতেই একটু সময় লেগে গিয়েছিল মারকুটে এই ব্যাটসম্যানের। শেষমেশ অবশ্য খুঁজে পেয়েছেন নিজেকে। তবে এরপর বেশ কিছুদিন ধরে বাংলাদেশ নামছেনা মাঠে।
আফগানদের বিপক্ষে ভারতের দেরাদুনে আসছে জুন মাসেই বাংলাদেশ মাঠে নামবে তিন টি-টোয়েন্টিতে। সেই সিরিজকে সামনে রেখেই এই মুহূর্তে বাংলাদেশ দল ব্যস্ত প্রস্তুতি ক্যাম্পে। সাব্বিরও ঘাম ঝরাচ্ছেন নিজেকে ঝালিয়ে নিতে।
সেই অনুশীলন শেষেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব্বির বলেছেন, 'ঐ ইনিংসটা আমাকে আত্মবিশ্বাসী করেছে। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটা যেভাবে খেলেছি, আগের ম্যাচগুলোয় নিজেকে ওইভাবে চেনাতে পারিনি। ফাইনালে যেভাবে চেয়েছি সেভাবে চেনাতে পেরেছি। সামনে এখান থেকেই আত্মবিশ্বাস পাব।'
আত্মবিশ্বাসটার না হয় একটা গতি হল, কিন্তু ব্যাটে রান না থাকলে যে আবার হতে হবে সমালোচিত সে ভালোই জানা আছে সাব্বিরের। তাই ধারাবাহিকভাবে রান করার প্রতিজ্ঞাও শোনা গেল তরুণ এই ক্রিকেটারের কাছ থেকে, 'আত্মবিশ্বাস বড় জিনিস। রান করলে সব টেকনিক ঠিক থাকে। কোনো দোষই তখন আর দোষ থাকে না। সব কাজই ঠিক থাকে। রান না করলে ভালো শট খেলে আউট হলেও তখন প্রশ্ন ওঠে, টেকনিক খারাপ! হ্যাঁ, টেকনিকে সমস্যা থাকতে পারে, টেম্পারমেন্টে সমস্যা থাকতে পারে। আমার কাছে মনে হয় রান করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
ওয়ানডে বা টেস্টে আফগানিস্তান বাংলাদেশের ধারেকাছে না থাকলেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কিন্তু স্বয়ং সাব্বিররাই আফগানদের চেয়ে পিছিয়ে। তবে টপ অর্ডার এই ব্যাটসম্যানের মতে এই ফরম্যাটটাই এমন। যারা ভাল খেলবে তাঁরাই জিতবে। তবে অভিজ্ঞতাকে পুঁজি করে সাব্বির এগিয়ে রাখছেন নিজেদেরই, 'টি-টোয়েন্টিতে  ছোট বা বড় দল বলে কিছু নেই। ধীরে ধীরে তারাও (আফগানিস্তান) ভালো ক্রিকেট খেলছে। তবে অভিজ্ঞতায় আমরা এগিয়ে থাকব। আফগানিস্তানে তিন-চার জন বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের দলেও ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। আশা করছি অভিজ্ঞতা দিয়ে আমরা ম্যাচ জিততে পারব।'

Saturday, May 19, 2018

নান্নুকে নিয়ে বিস্ময় মেশানো মুগ্ধতা গ্রিনিজের!

নান্নুকে নিয়ে বিস্ময় মেশানো মুগ্ধতা গ্রিনিজের!



কুড়ি বছর আগের যে লোকটাকে বাংলাদেশ ক্রিকেট প্রেস ইন্টারভিউ করত সেই লোকটা আর এই লোকটাকে মোটেও এক মনে হয়নি! সেটাও খুব স্বাভাবিক। দীর্ঘ সময়ে কত কিছু পাল্টে গেছে। নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ক্রিজে গিয়ে দাঁড়িয়েছে। সমুদ্র জয় করেছে। মহাকাশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ঢাকা শহরে একের পর এক উড়াল সেতু দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ গোটা পাঁচেক ক্রিকেট বিশ্বকাপ খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর যার ছোঁয়ায় বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের শুরু তিনি পাল্টাবেন না তা কী করে হয়!

হ্যাঁ, তিনিও পাল্টেছেন। তবে সাদা চোখে দেখে সেটা বোঝার উপায় নেই। ৬৭ বছরের ভদ্রলোককে দেখে আপনি ৪৭ এর সেই মানুষটাকে খুঁজে পাবেন। তবে সেটা বাহ্যিক। ভেতরে অন্য এক মানুষ। যিনি অনেক বিনয়ী। কম উদ্ধত। ভেতরের উত্তপটা কমিয়ে ফেলেছেন।এক সময়ের ক্যারিবীয় ক্রিকেট যোদ্ধা যিনি এখন শান্তিতে আছেন। নির্ঝঞ্ঝাট জীবন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট রূপকথার অন্যতম চরিত্র তিনি। বাংলাদেশ ক্রিকেটে তাঁর আবির্ভাব 'বিপ্লবী' হিসেবে। গত শতাব্দীর শেষ দিকে তিনি কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেটে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। সেই বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের ক্রিকেট বাঁক পরিবর্তন করেছে। এবার ঢাকায় দেখলাম সেই লোকটারও কত পরিবর্তন। তবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাঁর ভেতরের আবেগটা আগের মতোই আছে। ক্যারিবিয়ান সাগরের ঢেউে সেটা ধুঁয়ে মুছে যায়নি। ঢাকায় এবার ঘন্টা তিনেক একান্তে কথা বলার সময় এমন এক গর্ডন গ্রিনিজকে আবিষ্কার করলাম, যার সাথে কথা বলে বিস্মিত হতে হয়েছে। অনেক মুগ্ধতা আর বিস্ময়ের জন্ম দিয়ে গেলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট নিয়ে তিনি যখন কথা বলেছেন, তা শুনতে শুনতে নিজের মনে প্রশ্ন জেগেছে ঠিক শুনছি তো! বিস্মিত চোখে তাকিয়ে রয়েছি তাঁর মুখের দিকে। তিনি যখন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, তখন তাঁকে মনে হত তিনি জেনারেল। তাঁর দলের ক্রিকেটাররা সোলজার। যুদ্ধ জয় ছাড়া অন্য কোন লক্ষ্য তিনি তাঁর বাহিনীর সামনে রাখতে জানতেন না। বছর তিনেকের সেই চাকরি জীবনে তিনি দেখেছেন, কত কাঁটা ছড়ানো পথ। কত রক্ত মাড়িয়ে এগুতে হয়েছে। কত মানসিক যন্ত্রণা সয়ে এক একটা যুদ্ধ জিততে হয়েছে। তিনি-ই আবার দেখেছেন তাঁর সৈন্যরা কত ভীরু! যে কারণে জেনারেলকে বিদায় নিতে হয়েছিল চোখের জলে! কত দ্রুত অবসৃত হয়ে গেলেন তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে! কারণটা রহস্যাবৃতই থাকুক না!

তবে কুড়ি বছর পরে বিস্ময়াহত চোখে দেখলাম সেই গর্ডন গ্রিনিজ কত রোমাঞ্চিত এবং শিহরিত তাঁর সৈন্যদের নিয়ে। তাদের সম্পর্কে যখন কথা বললেন, সেখানে বিস্মিয়ের আরো রসদ। বিস্ময়ের সেই ঢাকনা খুলে দিলেন, র্নিমোহ ভঙ্গিতে। আকরাম-বুলবুল- নান্নুদের ক্রিকেটীয় স্কিল এমনভাবে ব্যাখ্যা করলেন, সেখানে আবার কোন তাপ-উত্তাপ-আবেগ-বিদ্বেষ-রাগ-ক্ষোভের ছিটেফোঁটা নেই। গর্ডনের নিজের কথা, 'আকরাম-বুলি-নান্নু। ওরা ক্রিকেটার হিসেবে আলাদা। মানুষ হিসেবে আলাদা। ওদের ক্রিকেট দর্শন আলাদা। টেকনিক-ফিটনেস-নলেজ প্রত্যেকের ভিন্ন। কোনো সূচকে এদের কাউকে খুব কাছাকাছি রাখা যায় না।'

এটাও খুব স্বাভাবিক। কেউ কারো মত হবেন না। এতে বিস্মিত হওয়ার কী আছে! তবে বিস্মিত হতে হয়েছে ব্যাটসম্যান নান্নুকে নিয়ে গর্ডনের মুগ্ধতা এবং হতাশার মিশেল দেখে, 'নান্নুর ব্যাটিং ছিল কার্ল(হুপার)-র মত। সিঙ্গেলস-ডাবলস নিত কি অনায়াসে। ফিল্ডারদের মাঝখানের গ্যাপটা ওর চেয়ে ভালো কেউ চিনত বলে মনে হয়নি আমার দলের। সত্যি ব্যাটিংটা ও দারুণ ব্যাট করত। আবার ওই হতাশ করত। কার্লের মত ত্রিশ-চল্লিশটা রান করে ফেলত কখন টের পাওয়া যেতো না। কিন্তু ইনিংসটাকে বড় করত পারত না! যেটা খুব হতাশার ছিল।' কিন্তু কোচ হিসেবে আপনার কাছে কারণটা কি মনে হত? এমন প্রশ্নে বলেছেনও, 'অনেস্টলি, আমার মনে হয়েছে দলে জায়গা নিয়ে ওর এবং আরও কয়েকজন ক্রিকেটারের ওপর একটা বাড়তি চাপ থাকত। ওরও হয়ত মনে হত ত্রিশ-চল্লিশটা রান করতে পারলে জায়গাটা টিকে গেলো।' এই মিনহাজুল আবেদীনের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে কত নাটক! গর্ডন গ্রিনিজ নিজেই তখন কোচ। ফ্ল্যাশ ব্যাকে উনিশ বছর পেছনে গেলে কী মনে হয় না, গর্ডনের কথাগুলো খুব একটা অসত্য নয়। বিশ্বকাপের দল ঘোষণার আগের শেষ প্র্যাকটিস ম্যাচের সেঞ্চুরিয়ান দেখলেন ১৫ জনের দলে তিনি নেই! পরের অংশে অনেক নাটক। তারপরের অংশ ইতিহাস। বিশ্বকাপ খেললেন মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশের জেতা বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ের নায়কও তিনি। প্লেয়ার অফ দ্য ম্যাচও নান্নু। আবার সেই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগের দিন বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়া হয়েছিল গর্ডনের হাতে! চোখের জলে হোটেল থেকে বিদায় জেনারেলের! উনিশ বছর পর সেই ভুলের খানিকটা প্রায়শ্চিত্ত-ই করা হলো গর্ডনকে সংবর্ধিত করে?

কিন্তু কিছু ভুল থেকে যায়। যার আগে বাড়তি একটা শব্দ বসিয়ে দেয় সময়। 'ঐতিহাসিক'। মিনহাজুল আবেদীন নান্নুর মাথায় টেস্ট ক্যাপ উঠলো না! সেই ভুল কার? নান্নুর নাকি বাংলাদেশ ক্রিকেট কর্তাদের? নাকি নির্বাচকদের? উত্তরদাতা যদি হন গর্ডন গ্রিনিজ; কী বলবেন তিনি? ভদ্রলোক ডান হাতটা কাপালে রাখলেন। আর মুখ দিয়ে বের করলেন, 'দিস ইজ কলড লাক।'

ভাগ্য নাকি দুর্ভাগ্য! বাকিটুকু মিনহাজুল আবেদীন নান্নু, আপনি নিজে বুঝে নিতে পারেন।


Thursday, May 17, 2018

বিস্ময় লিগে অবিশ্বাস্য জয়, বুম বুম বুমরায় প্লে-অফ দৌড়ে মুম্বই

বিস্ময় লিগে অবিশ্বাস্য জয়, বুম বুম বুমরায় প্লে-অফ দৌড়ে মুম্বই



কে এল রাহুলের দুরন্ত ইনিংস প্রায় জয় এনে দিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাবকে। কিন্তু যশপ্রীত বুমরার অসাধারণ দু'টো ওভার ম্যাচ ঘুরিয়ে দিল। বুধবার ওয়াংখেড়েতে অবিশ্বাস্য ভাবে হারা ম্যাচ তিন রানে জিতে প্লে-অফের দৌড়ে থেকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আরও জমে গেল আইপিএল নাটক।  

শেষ চার ওভারে পঞ্জাবের প্রয়োজন ছিল ৪২ রান। হাতে নয় উইকেট। ১৭ নম্বর ওভারে অ্যারন ফিঞ্চ এবং মার্কাস স্টয়নিসকে তুলে নেন বুমরা। দেন মাত্র চার রান। ১৯ নম্বর ওভার যখন শুরু হচ্ছে, পঞ্জাবের দরকার ছিল ২৩ রান। ওই ওভারেই রাহুলকে (৬০ বলে ৯৪) ফিরিয়ে দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের আট উইকেটে ১৮৬ রানের জবাবে পঞ্জাব করল পাঁচ উইকেটে ১৮৩। চার ওভারে ১৫ রানে তিন উইকেট নিলেন বুমরা। ম্যাচের সেরাও তিনি। এই জয়ের ফলে এখনও প্লে-অফে ওঠার স্বপ্ন দেখছে মুম্বই। উল্টো দিকে, পঞ্জাবের রাস্তা আরও কঠিন হয়ে গেল। লিগ তালিকায় মুম্বই উঠে এল চার নম্বরে। পঞ্জাব নেমে গেল ছ'নম্বরে।   

সুনীল গাওস্কর ধারাভায্য দিতে গিয়ে বলছিলেন, ''রাহুল কিন্তু দেখিয়ে দিচ্ছে, ও কী করতে পারে।'' সত্যিই রাহুল দেখিয়ে দিচ্ছেন, চলতি আইপিএলে তিনি কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। বুধবারের পরে তিনি এখন সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৩ ম্যাচে ৬৫২ রান। কিন্তু তাঁর দল প্রায় বিদায়ের মুখে। ম্যাচের পরে দেখা গেল, রাহুলের সঙ্গে জার্সি বদল করছেন হার্দিক পাণ্ড্য।  

বুধবারের ওয়াংখেড়ে যেমন রাহুলের বিধ্বংসী ইনিংস দেখল, তেমনই সাক্ষী থাকল কায়রন পোলার্ডের প্রত্যাবর্তনের। বেশ কয়েকটি ম্যাচে বাইরে থাকার পরে ফিরে এসে মাত্র ২৩ বলে ৫০ করলেন পোলার্ড। তিনি যখন দলের বাইরে ছিলেন, তখনও নিয়মিত দলের অনুশীলনে দেখা গিয়েছে পোলার্ডকে। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের সময় এও দেখা গিয়েছে, মাঠে জল নিয়ে ঢুকেছেন পোলার্ড। এই রকম সুযোগের অপেক্ষায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ পাওয়া মাত্রই জ্বলে উঠলেন পোলার্ড। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার, তিনটি ছয়। 


Cholo Bangladesh
বিশ্ব একাদশ থেকে নাম সরিয়ে নিলেন সাকিব

বিশ্ব একাদশ থেকে নাম সরিয়ে নিলেন সাকিব



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আইসিসি বিশ্ব একাদশ। সে ম্যাচের একাদশ থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বদলে 'হারিকেন রিলিফ টি-টোয়েন্টি' চ্যালেঞ্জ নামে প্রীতি ম্যাচে মাঠে নামবেন নেপালি তরুণ লেগস্পিনার সন্দীপ ল্যামিচানে।

লর্ডসের মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সে ম্যাচে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে সুযোগ হয়েছিল উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালেরও। তামিম থেকে গেলেও শেষমেশ আর থাকছেন না সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক একাদশ থেকে প্রত্যাখ্যান করিয়ে নিয়েছেন নিজের নাম। তবে তিনি বাদে বাকি সব খেলোয়াড় প্রস্তুত হচ্ছেন মাঠে নামতে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষই হবে ২৭ মে। তার মানে লর্ডসে মাঠে নামার আগে সাকিব সময়ই পাচ্ছেন মাত্র চার দিন। এই ম্যাচের ঠিক পরপরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে উড়ে যাবে বাংলাদেশ দল। সাকিবদের এর পরের মিশন জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ফলে টানা খেলার এই ধকল সামলে নিতেই যে বাঁহাতি অলরাউন্ডার সরিয়ে নিয়েছেন নিজের নামটা, সে অনুমিতই।         

গেল বছর ঘূর্ণিঝড় মারিয়া ও ইরমায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ ক্যারিবীয় স্টেডিয়াম। আইসিসি উইন্ডিজ দলের বিপক্ষে তাই সিদ্ধান্ত নেয় লর্ডসের মাঠে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের। সে ম্যাচ থেকে প্রাপ্ত সব অর্থই ব্যয় করা হবে পাঁচ ক্যারিবীয় মাঠ পুনর্বাসনে। ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংলিশ ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি ম্যাচের বিশ্ব একাদশ
তামিম ইকবাল, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, লুক রঙ্কি, মিচেল ম্যাকগ্লেনাহান, থিসারা পেরেরা, রশিদ খান ও সন্দীপ ল্যামিচানে।    



Cholo Bangladesh

Tuesday, May 15, 2018

বাংলাদেশের ক্যারিবীয় সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের ক্যারিবীয় সফরের সূচি প্রকাশ


জ্যামাইকার মাঠে শেষবার বাংলাদেশ টেস্টে নেমেছিল সেই ২০০৪ সালে। এবার সাকিব আল হাসানের দল ১৪ বছর পর সাদা পোশাকের ক্রিকেটে লড়াইয়ে নামবে আবারও সাবিনা পার্কে। ওয়েস্ট ক্রিকেট বোর্ডের প্রকাশ করা সূচিতে জানা গেছে এমনটাই। আজ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজের সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় বোর্ড।
আগামী জুলাই মাসে ক্যারিবীয় সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন মাশরাফি-সাকিবরা। এই সফর নিয়ে বাংলাদেশ চতুর্থবার পা রাখবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এর আগে ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর করেছিল লাল-সবুজের দল।
অ্যান্টিগাতেই প্রথমে পৌঁছবে তামিম-মাহমুদউল্লাহরা। সেখানে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়ে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে লড়বে বাংলাদেশ, ৪ থেকে ৮ জুলাই। আর ১২ থেকে ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে জ্যামাইকার সাবিনা পার্কে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ২২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াইয়ে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচও হবে সেখানেই। তৃতীয় ও শেষ ওয়ানডের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
উইন্ডিজে সিরিজ শুরু হলেও সে সিরিজ শেষ হবে কিন্তু যুক্তরাষ্ট্রে। দেশটির ফ্লোরিডা রাজ্যে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি:
টেস্ট:
প্রথম টেস্ট : জুলাই ৪-৮, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট : জুলাই ১২-১৬, স্যাবিনা পার্ক, জ্যামাইকা।
ওয়ানডে:
প্রথম ওয়ানডে: জুলাই ২২, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।
দ্বিতীয় ওয়ানডে: জুলাই ২৫, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।
তৃতীয় ওয়ানডে: জুলাই ২৮, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস।
টি-টোয়েন্টি:
প্রথম টি-টোয়েন্টি : জুলাই ৩১, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস।
দ্বিতীয় টি-টোয়েন্টি : আগস্ট ৪, সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা।
তৃতীয় টি-টোয়েন্টি : আগস্ট ৫, সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা।